৬ মার্চ কোরিয়ায় উড়াল দিচ্ছে আইডিয়াথনের সেরা ৫ স্টার্টআপ
আগামী শনিবার (৬ মার্চ) ৬ মাসের প্রশিক্ষণে কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে আইডিয়াথনের সেরা ৫ স্টার্টআপ। সেখানে ব্যবসায় ও বাণিজ্যিকীকরণের সুযোগ বিকাশের চিন্তাধারা নিয়ে কাজ করবে কৃষিয়ান , চার ছক্কা লিমিটেড, এএনটিটি রোবোটিক্স লিমিটেড , রক্ষী লিমিটেড এবং ছবির বাক্সের মোট ১০ সদস্য।
কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা) তাদেরকে প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া আন্তর্জাতিক উদ্যোক্তা ও বেসরকারী বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক পেটেন্ট, ডিজাইন, কপিরাইট এবং ট্রেডমার্ক অধিকার প্রাপ্তিতেও তাদের সহায়তা করবে।
কোরিয়ায় উড়াল দেয়ার আগে বৃহস্পতিবার (৪ মার্চ ২০২১) আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সাক্ষাত করেন আইডিয়াথন কনটেস্টের বিজয়ীরা।
বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথভাবে “আইডিয়াথন (ideaTHON)” কনটেস্টে আয়োজন করে আইসিটি বিভাগ। গত ডিসেম্বরে ৩১৪৭টি আবেদনকারীর মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়েছিল এই বিজয়ী দলগুলো।